খুলনার ফুলতলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দোয়াড়ি এবং কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে ফুলতলা বাজারে অভিযান চালিয়ে অবৈধ জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজারের জাল ব্যবসায়ী রমজান হোসেন এবং মোশারফ হোসেন মোল্যার দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দোয়াড়ি এবং কারেন্ট জাল জব্দ করা হয়। আনুমানিক ৮ লক্ষাধিক টাকা মূল্যের ওই জাল থানা চত্বরে এনে আগুন জ্বালিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওসি মো. ইলিয়াস তালুকদার, থানার এসআই কামরুল হাসান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বণিক নেতা গাজী আবুল খায়ের, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রউফ ও সোহেল হোসেন প্রমুখ।